• ৮ অগ্রহায়ণ ১৪৩৩, শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬ ই-পোর্টাল

Janatar Katha

Banner Add
  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও
  • এছাড়াও
    • উৎসব
    • ব্যবসা
    • স্বাস্থ্য
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • হেঁসেল

Strait Of Hormuz

বিদেশ

যুদ্ধের আবহে ভারতের জন্য খুলল হরমুজের দরজা, আর কোন তিন দেশ পেল ছাড়?

যুদ্ধের আবহে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে বড় সিদ্ধান্ত নিল ইরান। ভারত-সহ চারটি দেশের জাহাজকে এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইরানের এক শীর্ষ কর্তা। অন্য তিনটি দেশ হল চিন, ইরাক এবং কাতার। মঙ্গলবার ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও বিদেশনীতি বিষয়ক কমিটির সহ-সভাপতি আমির হায়াত মোকাদ্দাম এই কথা জানান। তেহরানের এই সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে ভারতের বাণিজ্য মহলে।আমিরের দাবি, ভারত, চিন, ইরাক ও কাতারের জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে। তাঁর বক্তব্য, এই দেশগুলির জাহাজের যাতায়াতে বাধা দেওয়া হবে না। তবে অন্য দেশগুলির জন্য এই জলপথের উপর বিধিনিষেধ এখনও রয়েছে বলে জানিয়েছেন তিনি।বিশ্লেষকদের একাংশের মতে, চারটি দেশকে এই ছাড় দেওয়ার পিছনে পারস্পরিক স্বার্থ কাজ করতে পারে। ভারত থেকে প্রচুর পরিমাণে ওষুধ আমদানি করে ইরান। অন্য দিকে, চিনের সঙ্গে তেহরানের বাণিজ্যিক ও জ্বালানি সম্পর্কও বেশ গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক চাপের মুখে চিনের কূটনৈতিক সমর্থনও ইরানের কাছে বিশেষ গুরুত্ব রাখে।সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মার্কিন নিষেধাজ্ঞা এবং চলতি সংঘাতের জেরে ইরানের অর্থনীতি চাপে রয়েছে। দেশটিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের জোগান নিয়েও সমস্যা তৈরি হয়েছে বলে খবর। এই পরিস্থিতিতে ভারতের কাছ থেকে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রী আমদানি ইরানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারত বিশ্বের অন্যতম প্রধান ওষুধ উৎপাদনকারী দেশ। তাই ভারতের সঙ্গে বাণিজ্য সহজ করতেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ছাড় দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।চিনও ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জ্বালানি সহযোগী। আন্তর্জাতিক চাপের মধ্যে বেজিংয়ের কূটনৈতিক সমর্থন তেহরানের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ফলে ভারত ও চিন-সহ চারটি দেশকে এই ছাড় দেওয়ার সিদ্ধান্তের পিছনে কূটনৈতিক এবং অর্থনৈতিকদুধরনের হিসাবই থাকতে পারে।বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের বড় অংশ চলাচল করে। ফলে এই পথে জাহাজ চলাচলে বাধা তৈরি হলে তার প্রভাব পড়ে বিশ্ববাজারে। ভারতের মতো জ্বালানি আমদানিনির্ভর দেশের কাছেও এই জলপথের গুরুত্ব অনেক। তাই ইরানের এই ঘোষণাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

নভেম্বর ০৫, ২০২৬
দেশ

ইরানের হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের! আগুনে জ্বলল তেলবাহী জাহাজ, বাড়ছে যুদ্ধের উত্তাপ

যত দিন যাচ্ছে, ততই জটিল হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র আকার নিচ্ছে। এর মধ্যেই হরমুজ প্রণালীর কাছে সংযুক্ত আরব আমিরশাহির দুটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা সামনে এসেছে। এই হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও আটজন। তাঁদের মধ্যে ছয়জন ভারতীয় এবং দুজন ইউক্রেনের নাগরিক। শেষ পাওয়া খবর অনুযায়ী, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।জানা গিয়েছে, ওমানের জলসীমায় হরমুজ প্রণালীর দক্ষিণ অংশ দিয়ে যাওয়ার সময় মোমবাসা এবং আল বাহিয়াহ নামে দুটি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। নিহত ভারতীয় নাবিক মোমবাসা জাহাজে কর্মরত ছিলেন। হামলার পর দুই জাহাজেই আগুন লাগে। পরে সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস এবং ভারতের বিদেশ মন্ত্রক পুরো ঘটনার উপর নজর রাখছে।ঘটনার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। তাদের দাবি, এই হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।অন্যদিকে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে, ওই দুটি জাহাজ তাদের সতর্কবার্তা অমান্য করেছিল। তাদের অভিযোগ, জাহাজগুলি নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে নিষিদ্ধ পথ ব্যবহার করার চেষ্টা করছিল। সেই কারণেই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান। একই সঙ্গে তাদের অভিযোগ, আমেরিকা বাণিজ্যিক জাহাজগুলিকে ভুল পথে চলাচলে উৎসাহ দিচ্ছে, যার ফলে পরিস্থিতি আরও জটিল হচ্ছে।এদিকে আমেরিকাও টানা সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের উপকূলীয় নজরদারি ব্যবস্থা, ড্রোন ঘাঁটি এবং ক্ষেপণাস্ত্র পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতেই এই অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজের উপর নতুন কর আরোপের কথাও জানিয়েছে আমেরিকা। ফলে মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরও বড় আকার নিতে পারে বলেই আশঙ্কা বাড়ছে।

জুলাই ১৪, ২০২৬
দেশ

ইরানের বড় পদক্ষেপে কাঁপছে বিশ্ব! পেট্রোল-ডিজেল থেকে গ্যাস, কী অপেক্ষা করছে ভারতের জন্য?

ইরান ও আমেরিকার মধ্যে ফের উত্তেজনা বাড়তেই জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে পরিস্থিতি জটিল হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের সরবরাহ নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে । এর জেরে ভারতে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দামে প্রভাব পড়তে পারে কি না, তা নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা।রবিবার ইরান ঘোষণা করেছে, হরমুজ প্রণালী বন্ধ করা হবে। অন্যদিকে আমেরিকার দাবি, প্রণালী এখনও খোলা রয়েছে। তবে দুই দেশের সংঘাতের মধ্যে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে জাহাজ চলাচল আগের তুলনায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।ভারতের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ দেশের প্রয়োজনীয় তেলের বড় অংশই বিদেশ থেকে আমদানি করা হয়। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল এবং গ্যাস হরমুজ প্রণালী দিয়েই বিভিন্ন দেশে পৌঁছায়। তবে আপাতত ভারতীয় শোধনাগারগুলিতে অপরিশোধিত তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত নতুন সংঘাতের প্রভাব তেল আমদানিতে বড়ভাবে পড়েনি।বর্তমানে ভারত শুধু একটি দেশের উপর নির্ভর করে না। রাশিয়া থেকে সবচেয়ে বেশি অপরিশোধিত তেল আসে। পাশাপাশি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি এবং ভেনেজুয়েলা থেকেও উল্লেখযোগ্য পরিমাণ তেল আমদানি করা হয়। ফলে বিকল্প উৎস থাকায় আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।গত জুন মাসে ভারত প্রতিদিন প্রায় চার দশমিক তিরানব্বই মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে। এর মধ্যে রাশিয়া থেকেই এসেছে সবচেয়ে বেশি, প্রতিদিন প্রায় দুই দশমিক সাত মিলিয়ন ব্যারেল।তবে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে রান্নার গ্যাস এবং প্রাকৃতিক গ্যাস নিয়ে। আগেরবার ইরান-আমেরিকা সংঘাতের সময় দেশে গ্যাসের সরবরাহে চাপ পড়েছিল। অনেক মানুষ আতঙ্কে অতিরিক্ত গ্যাসের সিলিন্ডার বুক করেছিলেন। পরিস্থিতি সামাল দিতে সরকারকে সরবরাহের নিয়ম কঠোর করতে হয়েছিল। এবারও যদি মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়ে বা সমুদ্রপথে জাহাজ চলাচলে বড় বাধা তৈরি হয়, তাহলে গ্যাসের সরবরাহে চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও বর্তমানে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং সরকার পরিস্থিতির উপর নজর রাখছে।

জুলাই ১৩, ২০২৬
দেশ

ইরানের গুলিতে ক্ষতিগ্রস্ত জাহাজ! ভারতীয় নাবিক নিখোঁজ, সামনে বড় সংঘাতের আশঙ্কা

হরমুজ প্রণালীর কাছে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশ মন্ত্রকের জানানো তথ্য অনুযায়ী, ওই জাহাজে মোট ১১ জন ভারতীয় নাবিক ছিলেন। তাঁদের মধ্যে ১০ জনকে নিরাপদে উদ্ধার করা হলেও এখনও একজন ভারতীয় নাবিক নিখোঁজ রয়েছেন। তাঁর খোঁজে তৎপর রয়েছে ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস।বিদেশ মন্ত্রক জানিয়েছে, ওমান প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে উদ্ধারকাজে সহযোগিতা করছে ভারতীয় দূতাবাস। নিখোঁজ নাবিকের সন্ধানে সবরকম চেষ্টা চালানো হচ্ছে। উদ্ধার অভিযানে সহযোগিতার জন্য ওমান সরকারকে ধন্যবাদও জানিয়েছে ভারত।মার্কিন সেনার দাবি, সাইপ্রাসের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ইরানের গুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর জাহাজে আগুন ধরে যায়। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে নাবিকদের জাহাজ ছেড়ে বেরিয়ে আসতে হয়। জাহাজের ইঞ্জিন কক্ষে বড় ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়েছে।অন্যদিকে, ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর দাবি, কয়েকটি জাহাজ নির্ধারিত পথ ছেড়ে অন্য পথে চলছিল। বারবার সতর্ক করার পরও নির্দেশ না মানায় একটি জাহাজকে গুলি করে থামানো হয়। এরপরই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কড়া নিয়ন্ত্রণের ঘোষণা দেয় ইরান।এই ঘটনার পরই ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে আমেরিকা। মার্কিন বাহিনীর দাবি, সর্বশেষ অভিযানে প্রায় ১৪০টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। গত কয়েক দিনে মোট ৩০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে তারা। পাল্টা বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার খবরও সামনে এসেছে।এই পরিস্থিতিতে ভারত স্পষ্ট জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে হামলা অত্যন্ত উদ্বেগজনক। অবিলম্বে উত্তেজনা কমিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার উপরও জোর দিয়েছে ভারত।

জুলাই ১২, ২০২৬
বিদেশ

শান্তিচুক্তির ২৪ ঘণ্টাও কাটেনি! ফের হরমুজ বন্ধের ঘোষণা, বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ

শান্তিচুক্তি ঘোষণার একদিনের মধ্যেই ফের আন্তর্জাতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়াল। হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দিল ইরান। শনিবার তেহরানের শীর্ষ যৌথ সামরিক কমান্ড জানায়, আমেরিকা ও ইজরায়েল যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে। সেই কারণেই এই গুরুত্বপূর্ণ জলপথে নৌ চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।ইরানের সামরিক নেতৃত্বের দাবি, দক্ষিণ লেবাননে ইজরায়েলের সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি আমেরিকার বিরুদ্ধেও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলেছে তেহরান। তাদের বক্তব্য, পরিস্থিতির জেরে হরমুজ প্রণালী বন্ধ করা হয়েছে এবং এটি কেবল প্রথম পদক্ষেপ। ভবিষ্যতে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড বাহিনীও পৃথক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করা হয়েছে। এই অঞ্চলে প্রবেশকারী জাহাজ নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।শুক্রবার থেকেই আন্তর্জাতিক মহলে গুঞ্জন ছড়িয়েছিল যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার সেই জল্পনাতেই কার্যত সিলমোহর দেয় ইরান। তবে এখানেই তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। কারণ আমেরিকার দাবি, হরমুজ প্রণালী এখনও খোলা রয়েছে এবং স্বাভাবিক নৌ চলাচল অব্যাহত আছে।বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী। এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ তেল ও পণ্যবাহী জাহাজ যাতায়াত করে। ফলে হরমুজকে ঘিরে যে কোনও উত্তেজনা আন্তর্জাতিক অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে।ইরানের ঘোষণা এবং আমেরিকার পাল্টা দাবির ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সত্যিই কি হরমুজে অচলাবস্থা তৈরি হয়েছে, নাকি এটি কূটনৈতিক চাপ তৈরির কৌশল সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে।

জুন ২০, ২০২৬
বিদেশ

ট্রাম্পের বড় ঘোষণা: ইরানের সঙ্গে চুক্তি, খুলছে হরমুজ়—স্বস্তির নিশ্বাস বিশ্ববাজারে

দীর্ঘ কয়েক মাসের উত্তেজনা, সামরিক সংঘাত এবং আন্তর্জাতিক উদ্বেগের পর অবশেষে সমঝোতার পথে হাঁটল আমেরিকা ও ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ় প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা সম্পন্ন হয়েছে বলে ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী শুক্রবার জেনেভায় আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে।সোমবার ভোরে প্রথমে পাকিস্তান এই সমঝোতার খবর প্রকাশ করে। পরে ওয়াশিংটন ও তেহরান উভয়েই আলোচনায় অগ্রগতির বিষয়টি স্বীকার করে। যদিও এখনও আনুষ্ঠানিক স্বাক্ষর বাকি, তবুও আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই ঘোষণাকে পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমনের বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।ট্রাম্পের ঘোষণা: ইঞ্জিন চালু করুক বিশ্বের জাহাজনিজের সমাজমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। সবাইকে অভিনন্দন। হরমুজ় প্রণালীর ব্যবহার আবার স্বাভাবিক হবে। মার্কিন অবরোধ তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্বের সব জাহাজ আবার তাদের যাত্রা শুরু করতে পারে।তিনি আরও দাবি করেন, বহু মার্কিন প্রশাসন অতীতে ইরানের সঙ্গে সমঝোতার চেষ্টা করলেও সফল হয়নি। তাঁর মতে, এই চুক্তি পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা, নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বাভাবিকতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।কেন এত গুরুত্বপূর্ণ হরমুজ় প্রণালী?বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের একটি বিশাল অংশ হরমুজ় প্রণালী দিয়ে যাতায়াত করে। পশ্চিম এশিয়ার তেলসমৃদ্ধ দেশগুলির জন্য এই জলপথ কার্যত জীবনরেখা। ফলে সেখানে অস্থিরতা তৈরি হলেই বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পায় এবং আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়ে।গত কয়েক মাস ধরে ইরান-আমেরিকা সংঘাতের জেরে এই জলপথে নিরাপত্তা সংকট তৈরি হয়েছিল। বহু বাণিজ্যিক জাহাজ বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হয়, যার ফলে পরিবহণ ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।মাইন সরানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জতবে চুক্তি হলেই যে সঙ্গে সঙ্গে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, তা নয়। সংঘাতের সময় ইরান হরমুজ় প্রণালীর বিভিন্ন অংশে সামুদ্রিক মাইন বা বিস্ফোরক বসিয়েছিল বলে অভিযোগ। এই মাইন এখনও পুরোপুরি অপসারণ করা হয়নি।মার্কিন প্রশাসনের বক্তব্য, শুক্রবার আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পরই যৌথভাবে মাইন অপসারণের কাজ শুরু হবে। নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর ধাপে ধাপে পূর্ণমাত্রায় তেলবাহী জাহাজ চলাচল শুরু করা হবে। ফলে বাস্তবে পরিবহণ স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে।পাকিস্তানের মধ্যস্থতায় অগ্রগতিএই সমঝোতা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ রবিবারই সম্ভাব্য চুক্তির ইঙ্গিত দিয়েছিলেন। যদিও সেই সময় ইরান আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।পরবর্তীতে একাধিক দফার কূটনৈতিক যোগাযোগের পর দুই দেশই আলোচনায় অগ্রগতির কথা স্বীকার করে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সংঘাতের পর এই প্রথম দুই পক্ষ প্রকাশ্যে সমঝোতার বার্তা দিল।এখনও বাকি পারমাণবিক ইস্যুর সমাধানবিশেষজ্ঞদের মতে, বর্তমান সমঝোতা মূলত হরমুজ় প্রণালীকে ঘিরে তাৎক্ষণিক সংকট সমাধানের উদ্দেশ্যে করা হয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা, নিষেধাজ্ঞা এবং সামরিক কর্মকাণ্ডের মতো জটিল বিষয়গুলি এখনও আলোচনার বাইরে রয়েছে।ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আগামী দিনে একাধিক পর্যায়ের বৈঠক হতে পারে। সেই আলোচনাগুলিই নির্ধারণ করবে দুই দেশের সম্পর্ক স্থায়ীভাবে উন্নতির পথে এগোবে কি না।বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের আশা, হরমুজ় প্রণালী পুনরায় চালু হলে বিশ্ব তেলবাজারে স্থিতিশীলতা ফিরবে এবং পশ্চিম এশিয়ায় দীর্ঘদিনের উত্তেজনা কিছুটা হলেও প্রশমিত হবে।

জুন ১৫, ২০২৬
বিদেশ

হরমুজ ঘিরে ভয়াবহ সংকট! ট্রাম্প-মোদি বৈঠকের আগে বাড়ছে বিশ্বজুড়ে উদ্বেগ

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালী ঘিরে তৈরি হওয়া উত্তেজনার আবহে আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।আগামী সপ্তাহে ফ্রান্সে অনুষ্ঠিত হতে চলা জি-সাত সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে দুই নেতার। সূত্রের খবর, সম্মেলনের ফাঁকেই দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন মোদি ও ট্রাম্প। সম্ভাব্য বৈঠকে পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি, জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে।দীর্ঘ সময় পর দুই নেতার মুখোমুখি বৈঠক হতে চলেছে বলেও কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তনের প্রেক্ষাপটে এই সাক্ষাৎ বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করা হচ্ছে।বিশ্ব অর্থনীতির জন্য হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যে অবস্থিত এই প্রণালী দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহণ করা হয়। বিশ্বের বহু দেশ, বিশেষ করে জ্বালানি আমদানিনির্ভর অর্থনীতিগুলি এই জলপথের উপর নির্ভরশীল।ভারতের ক্ষেত্রেও হরমুজের গুরুত্ব অত্যন্ত বেশি। দেশের জ্বালানি চাহিদার একটি বড় অংশ এই পথ দিয়েই আসে। ফলে ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ভারতের অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।এদিকে সাম্প্রতিক কিছু সামুদ্রিক ঘটনার জেরে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ বেড়েছে। বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এখন শুধু আঞ্চলিক সমস্যা নয়, বরং তা বিশ্ব রাজনীতি ও অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।এই পরিস্থিতিতে মোদি ও ট্রাম্পের সম্ভাব্য বৈঠক থেকে কী বার্তা উঠে আসে এবং আন্তর্জাতিক সংকট মোকাবিলায় দুই দেশ কী অবস্থান নেয়, সেদিকেই নজর থাকবে বিশ্ব কূটনৈতিক মহলের।

জুন ১৩, ২০২৬
বিদেশ

হরমুজে ভেঙে পড়ল মার্কিন অ্যাপাচে! যুদ্ধের মাঝেই বড় ধাক্কা আমেরিকার

মধ্যপ্রাচ্যে ইরান ও ইজরায়েলের সংঘাত ঘিরে উত্তেজনা যখন ক্রমশ বাড়ছে, তখন সামনে এল আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা। হরমুজ প্রণালীর কাছে ভেঙে পড়েছে মার্কিন সেনাবাহিনীর একটি অত্যাধুনিক অ্যাপাচে হেলিকপ্টার। এই ঘটনায় নতুন করে জল্পনা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে।খবর অনুযায়ী, হরমুজ প্রণালী এলাকায় মোতায়েন ছিল ওই হেলিকপ্টার। সেখানে নিরাপত্তা এবং নজরদারির কাজে ব্যবহার করা হচ্ছিল সেটিকে। সোমবার হঠাৎই দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি। কপ্টারে থাকা দুই পাইলটকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে এই ঘটনার কথা উল্লেখ করেছেন বলে খবর। তিনি জানিয়েছেন, হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন অ্যাপাচে হেলিকপ্টার ভেঙে পড়েছে। তবে দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।মার্কিন সেনাবাহিনী ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।বর্তমানে হরমুজ প্রণালী সংলগ্ন অঞ্চলকে অত্যন্ত স্পর্শকাতর এলাকা হিসেবে দেখা হচ্ছে। সেখানে বিভিন্ন সামরিক সরঞ্জাম ও নজরদারি ব্যবস্থা মোতায়েন রয়েছে। অ্যাপাচে হেলিকপ্টারের পাশাপাশি ড্রোন এবং যুদ্ধবিমানও ব্যবহার করা হচ্ছে বলে জানা যায়।এরই মধ্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার ঘটনায় ইরান ও ইজরায়েলের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় সামরিক তৎপরতা বেড়েছে। এর জেরে গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।এই পরিস্থিতিতে হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা জানতে এখন তদন্তের রিপোর্টের দিকেই নজর রয়েছে সবার।

জুন ০৯, ২০২৬
বিদেশ

যুদ্ধের আগুনে তেলের দাম বিস্ফোরণ! এবার কি বাড়বে পেট্রোল-ডিজ়েল?

ইরান ও আমেরিকার সংঘাতের প্রভাব এবার স্পষ্টভাবে পড়তে শুরু করেছে বিশ্ববাজারে। প্রায় দুমাস ধরে চলা এই উত্তেজনার ফলে তেলের জোগান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারই জেরে বাড়ছে বিভিন্ন পণ্যের দাম এবং অনেক দেশে জ্বালানির মজুত কমে আসছে। এই পরিস্থিতিতে আরও উদ্বেগ বাড়াল অপরিশোধিত তেলের দামের হঠাৎ বৃদ্ধি।আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেকটাই বেড়েছে। জুন মাসের সরবরাহের জন্য প্রতি ব্যারেল তেলের দাম প্রায় একশো কুড়ি ডলারে পৌঁছেছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম সর্বোচ্চ। অন্যদিকে আমেরিকার তেলের দামও বেড়ে একশো সাত ডলারের কাছাকাছি পৌঁছেছে। শেষবার এত বড় বৃদ্ধি দেখা গিয়েছিল দুহাজার বাইশ সালের জুন মাসে। তার পর আবার নতুন করে রেকর্ড গড়ল তেলের দাম।এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, ভারতে পেট্রোল ও ডিজ়েলের দাম বাড়বে কি না। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে খবর ছড়িয়েছে, ভোট শেষ হলেই নাকি জ্বালানির দাম বাড়তে পারে। যদিও কেন্দ্রের তরফে আগে জানানো হয়েছিল, আপাতত দাম বাড়ানোর কোনও পরিকল্পনা নেই। কিন্তু আন্তর্জাতিক বাজারে তেলের দাম যেভাবে বাড়ছে, তাতে ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছে।এদিকে ইরানের উপর চাপ বাড়াচ্ছে আমেরিকা। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, পারমাণবিক চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোর উপর থেকে নৌ অবরোধ তোলা হবে না। ইরানও পাল্টা কড়া অবস্থান নিয়েছে এবং নিজেদের শর্তে অনড় রয়েছে। দুই দেশের এই টানাপোড়েন পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এর মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ট্রাম্প, যা পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়েছে।

এপ্রিল ৩০, ২০২৬
বিদেশ

হরমুজ় খুলতে ইরানের শর্ত! ট্রাম্পের অস্বস্তি বাড়িয়ে নতুন সঙ্কট

শুরু হলে তার শেষও হয়, কিন্তু ইরান ও আমেরিকার মধ্যে চলতে থাকা এই সংঘাতের শেষ কোথায়, তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। আদৌ এই যুদ্ধ থামবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা বাড়ছে। হরমুজ় প্রণালী ঘিরে জটিলতা এখনও কাটেনি। এর মধ্যেই দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা ভেস্তে গিয়েছে (Strait of Hormuz)।এই পরিস্থিতিতে ইরান জানিয়েছে, তারা হরমুজ় প্রণালী (Strait of Hormuz) খুলতে প্রস্তুত। তবে তার জন্য আমেরিকাকে তিনটি শর্ত মানতে হবে। জানা গিয়েছে, ইরান চাইছে তাদের বন্দরগুলির উপর থেকে মার্কিন নৌ অবরোধ তুলে নিতে হবে। পাশাপাশি পারমাণবিক আলোচনা আপাতত স্থগিত রাখার কথাও বলা হয়েছে। এছাড়া ইরান ও লেবাননের উপর হামলা বন্ধ করার দাবি জানানো হয়েছে।খবর অনুযায়ী, ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি ওমান (Strait of Hormuz) ও পাকিস্তানের সঙ্গে বৈঠকের সময় এই তিন দফা প্রস্তাব দেন এবং আলোচনা আবার শুরু করার উদ্যোগ নেন।অন্যদিকে, আমেরিকার পক্ষ থেকে এই প্রস্তাব নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। ট্রাম্প এবং তাঁর জাতীয় নিরাপত্তা দল এই প্রস্তাবে সন্তুষ্ট নন বলেই জানা গিয়েছে। যদিও ঠিক কোন কারণে আপত্তি, তা স্পষ্ট নয়। তবে ট্রাম্প বারবার জানিয়েছেন, ইরানকে কোনওভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে দেওয়া হবে না।মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওও স্পষ্ট করে দিয়েছেন, পারমাণবিক ইস্যু বাদ দিয়ে কোনও চুক্তি সম্ভব নয়। যদিও এই বিষয়ে হোয়াইট হাউস এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে সূত্রের খবর, ইরানের দেওয়া তিনটি শর্তই মানতে রাজি নন ট্রাম্প। ফলে এই পরিস্থিতিতে শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এপ্রিল ২৮, ২০২৬
রাজ্য

হরমুজ প্রণালিতে বড়সড় সংঘাত! ইরানের জাহাজে হামলা চালিয়ে দখল নিল আমেরিকা

হরমুজ প্রণালির কাছে উত্তেজনা আরও বেড়ে গেল। মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী একটি ইরান-চিহ্নিত পণ্যবাহী জাহাজ দখল করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, জাহাজটির ইঞ্জিন কক্ষে আঘাত করে সেটিকে অচল করে দেওয়া হয়, তারপর সেটি আমেরিকার নিয়ন্ত্রণে নেওয়া হয়।ট্রাম্প জানান, ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ একটি ইরানি জাহাজকে আটকায়, যখন সেটি আমেরিকার আরোপ করা অবরোধ ভাঙার চেষ্টা করছিল। হামলার ফলে জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয় এবং সেটি আর চলতে পারেনি। পরে মার্কিন সেনারা জাহাজটির দখল নেয় এবং সেটির ভেতরে কী আছে তা খতিয়ে দেখা হচ্ছে।মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিওতেও দেখা গিয়েছে, হামলার আগে জাহাজের ক্রুদের বারবার সতর্ক করা হচ্ছে। সেখানে বলা হয়, ইঞ্জিন কক্ষ খালি করে দিতে, না হলে গুলি চালানো হবে। কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণের দৃশ্যও দেখা যায়।এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন হরমুজ প্রণালিতে ইরানের জাহাজ চলাচলের উপর আমেরিকা কড়া নজরদারি চালাচ্ছে। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল পরিবহন হয়, তাই এর উপর নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিক স্তরে উত্তেজনা তৈরি হয়েছে।একই সময়ে ইরানের সঙ্গে একটি বড় চুক্তির চেষ্টা চালাচ্ছেন ট্রাম্প। তবে ইরান জানিয়ে দিয়েছে, তারা পরবর্তী বৈঠকে অংশ নেবে না। তাদের অভিযোগ, আমেরিকা অতিরিক্ত শর্ত চাপিয়ে দিচ্ছে এবং অবরোধ চালিয়ে যাচ্ছে, যা চুক্তির পরিপন্থী।ট্রাম্পের দাবি, ইরানকে তাদের পরমাণু কর্মসূচি বন্ধ করতে হবে, সমৃদ্ধ ইউরেনিয়াম জমা দিতে হবে এবং হরমুজ প্রণালিকে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য পুরোপুরি খুলে দিতে হবে।বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে উত্তেজনা বাড়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতিতেও তার প্রভাব পড়তে পারে।

এপ্রিল ২০, ২০২৬
বিদেশ

বড় স্বস্তি বিশ্বে! হরমুজ প্রণালী খুলতেই তেলের বাজারে নয়া আশার আলো

অবশেষে বিশ্বের জন্য বড় স্বস্তির খবর এল। গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা করেছে Iran। আমেরিকার সঙ্গে সংঘাতের জেরে এই জলপথ দীর্ঘদিন বন্ধ ছিল। এবার সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য তা আবার খুলে দেওয়া হয়েছে। ফলে তেল, গ্যাস সহ বিভিন্ন জ্বালানি পরিবহনে আর বাধা থাকছে না বলে মনে করা হচ্ছে।লেবানন ও ইজরায়েলের মধ্যে সংঘর্ষবিরতির ঘোষণার পরই এই সিদ্ধান্ত নেয় ইরান। প্রায় ৪০ দিনেরও বেশি সময় বন্ধ থাকার পর শুক্রবার ফের হরমুজ প্রণালী চালু করার কথা জানানো হয়। এতে আন্তর্জাতিক বাজারে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি জানিয়েছেন, যতদিন এই সংঘর্ষবিরতি কার্যকর থাকবে, ততদিন হরমুজ প্রণালী খোলা রাখা হবে। তবে নির্দিষ্ট রুট মেনেই জাহাজ চলাচল করতে হবে, যা আগেই ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থা ঘোষণা করেছিল।ইরানের এই ঘোষণায় ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করে এই সিদ্ধান্তকে স্বাগত জানান এবং ধন্যবাদ জানান।তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়েছে, এমনটা বলা যাচ্ছে না। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের বন্দরে যাতায়াতের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ এখনও বলবৎ থাকবে। তাদের দাবি, সম্পূর্ণভাবে স্থায়ী সমঝোতা না হওয়া পর্যন্ত এই নিয়ন্ত্রণ বজায় রাখা হবে। এর ফলে ভারতের মতো দেশ, যারা ইরান থেকে সরাসরি তেল আমদানি করে, তাদের ক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হতে পারে।উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা বাড়ার পরই এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দেওয়া হয়েছিল। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট তীব্র হয়ে ওঠে এবং গ্যাসের বাজারেও চাপ বাড়ে। এখন হরমুজ প্রণালী খুলে যাওয়ায় সেই সঙ্কট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

এপ্রিল ১৮, ২০২৬
বিদেশ

প্রণালী খুলেও বিপদ কাটেনি! নিজের পোঁতা মাইনই খুঁজে পাচ্ছে না ইরান, আতঙ্কে জাহাজ চলাচল

যুদ্ধবিরতির ফলে আপাতত থেমেছে গোলাগুলি ও হামলা। ইরান ও আমেরিকার মধ্যে সংঘর্ষ কিছুটা থামলেও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে হরমুজ প্রণালীকে ঘিরে। শর্ত মেনে ইরান প্রণালী খুলে দিলেও আগের মতো জাহাজ চলাচল এখনও স্বাভাবিক হয়নি।এর মূল কারণ জলের নীচে পোঁতা মাইন। জানা যাচ্ছে, এই প্রণালী জুড়ে বহু জায়গায় মাইন পুঁতে রাখা হয়েছিল। কিন্তু সমস্যা হল, এখন সেই মাইন ঠিক কোথায় রয়েছে, তা নিজেরাই নিশ্চিত করে বলতে পারছে না ইরান। ফলে সেগুলি সরানোও সম্ভব হচ্ছে না।এক মার্কিন আধিকারিকের দাবি, জলের নীচে থাকা মাইনগুলির সঠিক অবস্থান চিহ্নিত করা যাচ্ছে না বলেই পুরোপুরি প্রণালী খুলে দেওয়া যাচ্ছে না। এমনকি যেখানে কিছু মাইনের অবস্থান জানা রয়েছে, সেখান থেকেও সেগুলি সরানোর মতো প্রযুক্তিগত দক্ষতা ইরানের নেই বলেই মনে করা হচ্ছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর চাপ সৃষ্টি করেছিলেন যাতে দ্রুত এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ খুলে দেওয়া হয়। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি অবশ্য জানিয়েছেন, কিছু প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণেই পুরো পরিস্থিতি সামাল দিতে সময় লাগছে। যদিও মার্কিন পক্ষের দাবি, আসল সমস্যা হল এই মাইন।বিশ্বের তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের একটি বড় অংশ এই প্রণালী দিয়ে যায়। কিন্তু সংঘাত শুরুর পর থেকেই ইরান এই পথ বন্ধ করে দিয়েছিল। তখন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি সমুদ্রপথে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছিল এই মাইন।জানা গিয়েছে, ছোট নৌকা ব্যবহার করে দ্রুততার সঙ্গে এই মাইন পোঁতা হয়েছিল। কিন্তু তাড়াহুড়োর কারণে তা সঠিকভাবে নথিবদ্ধ করা হয়নি। ফলে এখন নিজেরাই বুঝতে পারছে না কোথায় কত মাইন রয়েছে। এর মধ্যে আবার স্রোতের কারণে মাইন সরে যাওয়ার আশঙ্কাও রয়েছে, যা বিপদ আরও বাড়াচ্ছে।বিশেষজ্ঞদের মতে, কোনও জাহাজের নোঙর বা প্রপেলার যদি এই মাইনের সঙ্গে ধাক্কা খায়, তাহলে ভয়াবহ বিস্ফোরণ ঘটতে পারে। এতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।ইসলামিক রেভেলিউশনারি গার্ড বাহিনী নিরাপদ পথের একটি তালিকা প্রকাশ করেছে। তবে সেই পথের আশেপাশেও অজানা মাইন থাকার সম্ভাবনা রয়েছে। ফলে সামান্য ভুল হলেই বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এপ্রিল ১১, ২০২৬
বিদেশ

হরমুজে জট ভেঙে নতুন পথ! যুদ্ধের মাঝেই তেলবাহী জাহাজের বিকল্প রুটে চাঞ্চল্য

ইরান এবং আমেরিকার সংঘাতের জেরে হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব জুড়ে তেল ও জ্বালানি সরবরাহে বড়সড় প্রভাব পড়েছে। এই গুরুত্বপূর্ণ জলপথে হাজার হাজার জাহাজ আটকে পড়ায় আন্তর্জাতিক বাণিজ্যে চাপ তৈরি হয়েছে।এই পরিস্থিতির মধ্যেই সামনে এসেছে একটি বিকল্প পথের খোঁজ। জানা গিয়েছে, কিছু বাণিজ্যিক জাহাজ এই নতুন পথ ব্যবহার করে হরমুজ প্রণালীতে প্রবেশ করছে, ফলে কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলছে।একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী, অটোমেটিক আইডেনটিফিকেশন সিস্টেম এবং দূরসংবেদন তথ্য থেকে দেখা গিয়েছে, অন্তত চারটি বড় জাহাজ ইরানের জলপথ এড়িয়ে অন্য রাস্তা দিয়ে হরমুজে ঢুকেছে। এই জাহাজগুলি ওমানের সামুদ্রিক সীমার মধ্য দিয়ে এগিয়েছে।সূত্রের খবর, হাব্রুট ও ঢালকুট নামে দুটি তেলবাহী জাহাজ এবং একটি তরল প্রাকৃতিক গ্যাস বহনকারী জাহাজ ওমানের জলসীমায় প্রবেশ করে। পরে মুসানদাম উপকূলের কাছে গিয়ে তারা তাদের সিগন্যাল বন্ধ করে দেয়। তিন এপ্রিল তাদের মাসকট উপকূল থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে দেখা গিয়েছিল।এই তেলবাহী জাহাজ দুটিতে প্রায় বিশ লক্ষ ব্যারেল সৌদি এবং সংযুক্ত আরব আমিরশাহির তেল রয়েছে বলে জানা গিয়েছে। এই জাহাজগুলির পর একই পথে ভারতীয় পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজও প্রবেশ করেছে। এটি গত একত্রিশ মার্চ দুবাই থেকে রওনা দিয়েছিল এবং বর্তমানে ওমানের দিব্বা বন্দরের কাছাকাছি রয়েছে।এতদিন সংঘাতের মাঝেও ইরান কিছু দেশের জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে যেতে দিচ্ছিল, তবে তার জন্য মোটা অঙ্কের শুল্ক নেওয়া হচ্ছিল। এখন বিকল্প পথ চালু হওয়ায় সেই অতিরিক্ত খরচ থেকে কিছুটা মুক্তি পেতে পারে জাহাজগুলি বলে মনে করা হচ্ছে।

এপ্রিল ০৪, ২০২৬
বিদেশ

ভারতের বদলে চিনের দিকে মোড় নিল ইরানের তেলবাহী জাহাজ! মাঝসমুদ্রে কী ঘটল?

হরমুজ প্রণালী পেরোনোর পর মাঝসমুদ্রে হঠাৎ দিক পরিবর্তন করল ইরানের একটি তেলবাহী জাহাজ। ভারতের দিকে আসতে আসতেই সেটি ঘুরে চিনের দিকে চলে যায়। এই ঘটনায় আন্তর্জাতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।জাহাজ পর্যবেক্ষণকারী সংস্থার তথ্য অনুযায়ী, পিং শান নামে ওই জাহাজটি একটি বড় তেলবাহী জাহাজ। প্রথমে এটি ভারতের পশ্চিম উপকূলে ভাদিনার বন্দরের দিকে এগোচ্ছিল। কিন্তু পরে আচমকাই দিক বদলে দক্ষিণ দিকে ঘুরে চিনের একটি বন্দরের দিকে যেতে শুরু করে। তবে শেষ পর্যন্ত জাহাজটি কোথায় পৌঁছবে, তা এখনও নিশ্চিত নয়।প্রায় সাত বছর পর ইরান থেকে ভারতের উদ্দেশে তেল আসার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু মাঝপথে এই পরিবর্তনে সেই সম্ভাবনা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।জানা গেছে, জাহাজটিতে প্রায় ছয় লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে। বিশেষজ্ঞদের মতে, ২০১৯ সালের পর এটি ভারতের জন্য প্রথম ইরানি তেলের চালান হতে পারত।২০১৯ সালের মে মাসের পর থেকে ভারত ইরান থেকে তেল আমদানি বন্ধ রেখেছে। সেই সময় আমেরিকার নিষেধাজ্ঞার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সম্প্রতি কিছু ক্ষেত্রে সাময়িক ছাড় দেওয়ায় আবার তেল আসার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু অর্থ লেনদেন, পরিবহণ এবং বিমা সংক্রান্ত সমস্যার কারণে সেই প্রক্রিয়া জটিল হয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে।প্রথমে ধারণা করা হয়েছিল, এই তেল ভাদিনার একটি রিফাইনারিতে পৌঁছবে। কিন্তু এখন সেই পরিকল্পনা বদলে গেছে।একসময় ভারত ইরানের অন্যতম বড় তেল ক্রেতা ছিল। দেশের মোট তেল আমদানির একটি বড় অংশই ইরান থেকে আসত। কিন্তু নিষেধাজ্ঞার পরে সেই সম্পর্ক পুরোপুরি থেমে যায়।এই পরিস্থিতিতে মাঝসমুদ্রে জাহাজের দিক পরিবর্তন নতুন করে নানা প্রশ্ন তুলেছে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হল, তার স্পষ্ট উত্তর এখনও পাওয়া যায়নি।

এপ্রিল ০৩, ২০২৬
দেশ

১৪.২ কেজির এলপিজিতে ভর্তি গ্যাস নাও দেওয়া হতে পারে! সঙ্কটে নতুন করে ভাবছে কেন্দ্র

হরমুজ প্রণালী দিয়ে তেলের ট্যাঙ্কার ভারতে পৌঁছাতে শুরু করলেও এলপিজি সঙ্কট পুরোপুরি কাটেনি। এই পরিস্থিতিতে গ্যাসের সঠিক বণ্টন নিশ্চিত করতে নতুন পরিকল্পনা নিতে পারে দেশের তেল বিপণন সংস্থাগুলি। সূত্রের খবর, গৃহস্থালির ব্যবহারের জন্য যে ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার দেওয়া হয়, তাতে পূর্ণ পরিমাণ গ্যাস দেওয়া নাও হতে পারে।জানা যাচ্ছে, ভবিষ্যতে একটি সিলিন্ডারে প্রায় দশ কেজি গ্যাস ভরে দেওয়া হতে পারে। এর ফলে কম গ্যাস দিয়ে বেশি সংখ্যক গ্রাহকের মধ্যে বণ্টন করা সম্ভব হবে। সীমিত মজুতের কারণে যাতে সবাই গ্যাস পায়, সেই লক্ষ্যেই এই পদক্ষেপের কথা ভাবা হচ্ছে।ইরান, আমেরিকা এবং ইজরায়েলের সংঘাত শুরু হওয়ার পর হরমুজ প্রণালীতে সমস্যা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে ভারতে গ্যাস সরবরাহেও। দেশের মোট চাহিদার একটি বড় অংশ বিদেশ থেকে আসে। ফলে সরবরাহে সামান্য বাধা এলেই সঙ্কট তৈরি হচ্ছে।গত সপ্তাহে কয়েকটি জাহাজ হরমুজ প্রণালী পেরিয়ে ভারতে পৌঁছেছে। বর্তমানে যে পরিমাণ গ্যাস মজুত রয়েছে, তা দিয়ে কিছুদিন চাহিদা মেটানো সম্ভব। তবে নতুন করে কবে গ্যাস আসবে, তা এখনও স্পষ্ট নয়। অনেক জাহাজ এখনও পারস্য উপসাগরে অনুমতির অপেক্ষায় রয়েছে।ভারতে প্রতিদিন বিপুল পরিমাণ এলপিজি ব্যবহার হয়। সাধারণত একটি পূর্ণ সিলিন্ডার এক মাসেরও বেশি সময় চলে যায়। কিন্তু যদি গ্যাসের পরিমাণ কমিয়ে দেওয়া হয়, তাহলে তা কম দিন চলবে। যদিও এতে সবার মধ্যে গ্যাস বণ্টন সহজ হবে।এছাড়া যদি সিলিন্ডারে গ্যাসের পরিমাণ কমানো হয়, তাহলে তার দামও সেই অনুযায়ী কমানো হতে পারে বলে জানা যাচ্ছে। এই নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে তার প্রভাব পড়তে পারে।

মার্চ ২৩, ২০২৬
বিদেশ

হরমুজে চমক! জাহাজ ছাড়তে কোটি কোটি টাকা নিচ্ছে ইরান?

যুদ্ধের পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালী কার্যত নিয়ন্ত্রণে রেখে বিশ্বকে চাপে রাখছে ইরান। তবে এই কড়াকড়ির মধ্যেও কিছু নির্দিষ্ট দেশের জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। কিন্তু সেই অনুমতির বিনিময়ে মোটা অঙ্কের অর্থ নেওয়া হচ্ছে বলেই দাবি উঠেছে।সূত্রের খবর, প্রতিটি জাহাজকে হরমুজ প্রণালী পার হতে প্রায় দুই মিলিয়ন মার্কিন ডলার দিতে হচ্ছে ইরানকে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় উনিশ কোটি টাকা। এই অর্থকে যুদ্ধ খরচের অংশ হিসেবেই দেখছে তেহরান।একটি বিদেশি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে ইরানের জাতীয় সুরক্ষা কমিটির সদস্য আলাদিন বোরোজের্দির বক্তব্য উল্লেখ করা হয়েছে। তাঁর দাবি, যুদ্ধের বিপুল খরচ সামলাতে হরমুজ দিয়ে যাওয়া জাহাজগুলির কাছ থেকে এই অর্থ নেওয়া হচ্ছে। তাঁর মতে, এর মাধ্যমেই বোঝা যায় এই গুরুত্বপূর্ণ প্রণালীর উপর ইরানের কতটা নিয়ন্ত্রণ রয়েছে।উল্লেখ্য, গত ফেব্রুয়ারির শেষ থেকে ইরান, আমেরিকা এবং ইজরায়েলের মধ্যে সংঘাত শুরু হয়েছে। পরিস্থিতি ক্রমেই জটিল হয়েছে। ইরানের নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে তারা বিশ্ব অর্থনীতির উপর চাপ বজায় রাখবে। কারণ এই পথ দিয়েই বিশ্বের বড় অংশের তেল ও গ্যাস সরবরাহ হয়।তবে এই উত্তেজনার মধ্যেও ভারতকে কিছুটা ছাড় দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই কয়েকটি জাহাজ হরমুজ পেরিয়ে ভারতে পৌঁছেছে। আন্তর্জাতিক মহলের মতে, এটি ভারতের কূটনৈতিক সাফল্য হিসেবেই দেখা হচ্ছে।কিন্তু এই ছাড়ের পেছনে আর্থিক লেনদেন রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর জানিয়েছেন, ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতেই ইরানের সঙ্গে আলোচনা হয়েছে এবং কোনও অর্থ দেওয়া হয়নি। তবুও ইরানের নেতার মন্তব্যের পর নতুন করে সন্দেহ তৈরি হয়েছে।বিশেষজ্ঞদের মতে, ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকায় এই ধরনের অর্থ লেনদেন ভবিষ্যতে আরও জটিল পরিস্থিতি তৈরি করতে পারে। ফলে ভারতীয় জাহাজ চলাচল নিয়েও উদ্বেগ বাড়ছে।

মার্চ ২৩, ২০২৬
বিদেশ

৪৮ ঘণ্টার আলটিমেটাম! প্রণালী না খুললেই ভয়াবহ হামলার হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ল। হরমুজ প্রণালী ঘিরে ইরানকে ৪৮ ঘণ্টার কঠোর সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রণালী সম্পূর্ণভাবে না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলিতে বড় ধরনের হামলা চালানো হবে।শনিবার সমাজমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট করে বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে প্রণালী খুলে না দিলে একে একে বিদ্যুৎকেন্দ্রগুলিকে ধ্বংস করা হবে এবং এই অভিযান শুরু হবে সবচেয়ে বড় কেন্দ্র দিয়ে। এই হুমকির পর আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।উল্লেখ্য, কয়েক সপ্তাহ ধরেই ইরান, আমেরিকা এবং ইজরায়েলের মধ্যে সংঘর্ষ চলছে। এই পরিস্থিতিতে ইরানের নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালী বন্ধ রেখে তারা বিশ্বজুড়ে চাপ তৈরি করবে। এর ফলে তেল এবং গ্যাসের সরবরাহে বড় প্রভাব পড়তে পারে। ইতিমধ্যেই বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে গিয়েছে।এই দীর্ঘ সংঘর্ষে দুই পক্ষই ক্ষতির মুখে পড়েছে। একাধিক সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ স্থানে হামলার ঘটনা ঘটেছে। তেল শোধনাগার এবং জ্বালানির ভাণ্ডারও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে।হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতেও তার প্রভাব পড়তে শুরু করেছে। এই অবস্থায় প্রণালী খুলে দেওয়ার জন্য চাপ বাড়াচ্ছে আমেরিকা। সেই প্রেক্ষিতেই এই কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, এখন সেটাই দেখার।

মার্চ ২২, ২০২৬
বিদেশ

হরমুজ নিয়ে ট্রাম্পের বড় ডাক, ভারত কি যুদ্ধজাহাজ পাঠাবে? স্পষ্ট জানাল দিল্লি

ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী নিয়ে নতুন করে আন্তর্জাতিক উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মিত্র দেশগুলিকে ওই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই বিষয়ে আমেরিকার সঙ্গে ভারতের এখনও কোনও আলোচনা হয়নি বলে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।সোমবার বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, হরমুজ প্রণালী নিয়ে বিভিন্ন দেশ নিজেদের মধ্যে আলোচনা করছে। কিন্তু এই বিষয়ে আমেরিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক কোনও আলোচনা এখনও হয়নি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, পরিস্থিতি নিয়ে সরকার অভ্যন্তরীণভাবে আলোচনা করছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।এর আগে সামাজিক মাধ্যমে একটি দীর্ঘ বার্তায় ট্রাম্প বলেন, ইরানের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে থাকলে বহু দেশ তার প্রভাবের মুখে পড়বে। তাই চিন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেনসহ একাধিক দেশকে ওই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানান তিনি। তাঁর মতে, এই গুরুত্বপূর্ণ জলপথকে নিরাপদ ও খোলা রাখার জন্য আন্তর্জাতিক সহযোগিতা জরুরি।ট্রাম্প আরও দাবি করেন, ইরানের সামরিক ক্ষমতা অনেকটাই দুর্বল করা হয়েছে। তবুও ওই অঞ্চলে ক্ষেপণাস্ত্র, ড্রোন বা মাইন হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সেই আশঙ্কা থেকেই মিত্র দেশগুলিকে সতর্ক থাকতে বলেছেন তিনি।নিজের বার্তায় ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বহু দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। তাই আন্তর্জাতিক শক্তিগুলিকে একসঙ্গে এগিয়ে এসে ওই জলপথকে নিরাপদ রাখতে হবে। তিনি আরও জানান, প্রয়োজনে আমেরিকা সমুদ্রপথে অভিযান চালিয়ে যাবে এবং যে কোনও উপায়ে হরমুজ প্রণালীকে মুক্ত ও নিরাপদ রাখার চেষ্টা করবে।এই পরিস্থিতিতে ভারতের অবস্থান নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। কারণ দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে ভারতের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। ফলে এই সংবেদনশীল বিষয়ে ভারত কী অবস্থান নেয়, তা আন্তর্জাতিক মহলেও নজরে রাখা হচ্ছে।

মার্চ ১৬, ২০২৬

ট্রেন্ডিং

রাজ্য

ফুচকার ভিতরে কী লুকিয়ে দিয়েছিল বন্ধুরা? খেতে গিয়েই অসুস্থ নবম শ্রেণির ছাত্র, বালুরঘাটে চাঞ্চল্য

ফুচকা খেতে ভালবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। কিন্তু সেই ফুচকাই যে এমন বিপত্তির কারণ হতে পারে, তা ভাবতে পারেননি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের এক নবম শ্রেণির ছাত্র। অভিযোগ, ছাত্রাবাসে বন্ধুদের আনা ফুচকা খেতে গিয়ে অস্বস্তিকর কিছু টের পায় সে। পরে জানা যায়, ফুচকার ভিতরে কন্ডোম ঢুকিয়ে দিয়েছিল তারই চার সহপাঠী। ঘটনাটি জানাজানি হতেই স্কুলের ছাত্রাবাসে শোরগোল পড়ে যায়। অসুস্থ হয়ে পড়ায় ওই পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গিয়েছে, বালুরঘাটের একটি নামী স্কুলের ছাত্রাবাসে থেকে পড়াশোনা করে ওই নবম শ্রেণির ছাত্র। তার বাড়ি কুমারগঞ্জ থানা এলাকায়। পরিবারের আর্থিক অবস্থাও ভাল নয়। তার মা কৃষিকাজ করেন এবং বাবা পরিযায়ী শ্রমিকের কাজ করেন।অভিযোগ, বৃহস্পতিবার টিফিনের সময়ে ছাত্রাবাসের চার পড়ুয়া বাইরে থেকে ফুচকা কিনে আনে। এরপর তারা ওই ছাত্রকে ফুচকা খেতে দেয়। কিন্তু ফুচকা মুখে দিতেই অস্বস্তি বোধ করে সে। পরে সহপাঠীরাই জানায়, মজা করার জন্য ফুচকার ভিতরে কন্ডোম ঢুকিয়ে দিয়েছিল তারা।বিষয়টি জানাজানি হতেই স্কুল কর্তৃপক্ষের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। ওই পড়ুয়ার অভিযোগ, কিছু না বুঝেই সে ফুচকা খেয়ে ফেলেছিল। পরে বন্ধুরা বিষয়টি জানালে সে শিক্ষকদের কাছে গিয়ে সব জানায়।এর পর থেকেই পেটে ব্যথা শুরু হয় ওই ছাত্রের। দেরি না করে তাকে বালুরঘাট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।ঘটনার কথা জানার পর অভিযুক্ত চার পড়ুয়ার সঙ্গে কথা বলে পুরো বিষয়টি বোঝার চেষ্টা করছেন স্কুল কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে।এই ঘটনা সামনে আসার পর আরও একটি প্রশ্ন উঠতে শুরু করেছে। ছাত্রাবাসের পড়ুয়ারা কন্ডোম পেল কোথা থেকে? কী ভাবে তাদের হাতে সেটি এল? নিছক মজা করার জন্যই কি এমন ঘটনা ঘটানো হয়েছিল, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে? গোটা বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন অনেকে।

নভেম্বর ২৬, ২০২৬
রাজ্য

বাংলার রাস্তায় নামবে রাফালে? নীতীন গড়করির কাছে বড় আবদার শুভেন্দুর, কী পরিকল্পনা কেন্দ্রের?

বাংলার সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের পরিকল্পনা। রাজ্যের সড়ক উন্নয়নের জন্য ২৭ হাজার কোটি টাকার প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার কোলাঘাটের একটি অনুষ্ঠানে এই ঘোষণা করেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়করি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। রাজ্যের বিভিন্ন প্রান্তের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে একাধিক নতুন রাস্তা তৈরি এবং পুরনো রাস্তা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তবে শুধু যাতায়াত নয়, প্রয়োজনে যাতে নতুন রাস্তা যুদ্ধবিমান অবতরণের কাজেও ব্যবহার করা যায়, সেই আবেদনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।চলতি বছরের ফেব্রুয়ারি মাসে অসমের ডিব্রুগড়ে একটি ঘটনা দেশজুড়ে নজর কেড়েছিল। মোরান বাইপাসের নতুন তৈরি সড়কে সফল ভাবে অবতরণ করেছিল ভারতীয় বায়ুসেনার রাফাল যুদ্ধবিমান। সাধারণ রাস্তার উপর যুদ্ধবিমান নামার সেই দৃশ্য দেখে অবাক হয়েছিলেন অনেকেই। পরে সেই ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়ে।আসলে এর পিছনে রয়েছে বিশেষ নিরাপত্তার পরিকল্পনা। যুদ্ধ বা জরুরি পরিস্থিতিতে বিমানবন্দর ব্যবহার করা সম্ভব না হলে বিকল্প ব্যবস্থা হিসেবে কিছু সড়কপথকে ব্যবহার করা যায়। সেই কথা মাথায় রেখেই অসম-সহ উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ পরিকাঠামো তৈরি করা হচ্ছে। এমন রাস্তা তৈরি করা হচ্ছে, যেখানে প্রয়োজন হলে যুদ্ধবিমান এবং সামরিক পরিবহণের বড় বিমানও অবতরণ করতে পারে।বৃহস্পতিবার কোলাঘাটের অনুষ্ঠানে সেই প্রসঙ্গই তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, বাংলার নতুন ও সম্প্রসারিত রাস্তাগুলিও এমন ভাবে তৈরি করা হোক, যাতে প্রয়োজনে সেখানে যুদ্ধবিমান অবতরণ করতে পারে। এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়করির কাছে আবেদন জানান তিনি।এ দিন অনুষ্ঠানে শিলিগুড়িতে ১১৬ কিলোমিটার দীর্ঘ রিং রোড তৈরির পরিকল্পনার কথাও উঠে আসে। এই রাস্তা তৈরি হলে উত্তরবঙ্গের সঙ্গে নেপাল, ভুটান এবং বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হতে পারে। পাশাপাশি এলাকার যানজট কমাতেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।উত্তরবঙ্গের নিরাপত্তার দিক থেকেও এই ধরনের সড়ক পরিকাঠামোর গুরুত্ব রয়েছে। শিলিগুড়ির কাছে রয়েছে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ সরু ভূখণ্ড, যা সাধারণ ভাবে চিকেন নেক নামে পরিচিত। এই পথ দিয়েই উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ। ফলে কৌশলগত দিক থেকে এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিন সীমান্তের পরিস্থিতির কথা মাথায় রেখে ওই অঞ্চলে নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত করার উপর জোর দিচ্ছে কেন্দ্র।শিলিগুড়ির বাগডোগরায় বায়ুসেনার ঘাঁটি এবং আলিপুরদুয়ারের হাসিমারায় বায়ুসেনার গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের নতুন ও সম্প্রসারিত রাস্তাগুলিকে আরও শক্তিশালী করে তোলার পরিকল্পনা বিশেষ গুরুত্ব পাচ্ছে।তবে সাধারণ রাস্তা আর যুদ্ধবিমান অবতরণের উপযোগী রাস্তার মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। যুদ্ধবিমানের ওজন ও অবতরণের সময় তৈরি হওয়া চাপ সামলাতে অত্যন্ত মজবুত সড়ক পরিকাঠামো প্রয়োজন। তার জন্য বিশেষ ধরনের কংক্রিটের স্তর এবং উন্নত নির্মাণপ্রযুক্তি ব্যবহার করতে হয়। ফলে গোটা রাস্তা সেই মানে তৈরি করা যথেষ্ট ব্যয়সাপেক্ষ ও প্রযুক্তিগত ভাবে জটিল।এ বার বাংলার সড়ক উন্নয়নের প্রকল্পে সেই বিশেষ পরিকাঠামো কতটা যুক্ত করা সম্ভব, সেটাই দেখার। ২৭ হাজার কোটি টাকার প্রকল্পের পাশাপাশি মুখ্যমন্ত্রীর এই প্রস্তাব বাস্তবায়িত হলে রাজ্যের সড়ক যোগাযোগ এবং জরুরি পরিস্থিতিতে প্রতিরক্ষা ব্যবস্থা, দুই ক্ষেত্রেই নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

নভেম্বর ২৬, ২০২৬
রাজ্য

দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ এবার রোপওয়েতে! বড় পরিকল্পনা শুভেন্দু সরকারের, শুরু হল কোন কাজ?

রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের ভাবনা রাজ্য সরকারের। দক্ষিণেশ্বর মন্দির থেকে বেলুড় মঠ পর্যন্ত রোপওয়ে চালু করার পরিকল্পনা করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে দুই ধর্মীয় স্থানের মধ্যে যাতায়াত আরও সহজ হতে পারে। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়কড়ির সঙ্গে বৈঠকের পর এমনই পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য মানচিত্র তৈরির কাজ শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন।দক্ষিণেশ্বর মন্দির এবং বেলুড় মঠে সারা বছরই প্রচুর ভক্ত ও দর্শনার্থীর ভিড় হয়। বিশেষ বিশেষ দিনে সেই ভিড় আরও বেড়ে যায়। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে যেতে গাড়ি, ট্যাক্সি এবং বাসের মতো সড়কপথের যানবাহন রয়েছে। জিটি রোড এবং বালি সেতু হয়ে যাতায়াত করা যায়। এ ছাড়া গঙ্গার উপর দিয়ে ফেরি ও লঞ্চ পরিষেবাও চালু রয়েছে।এ বার সেই যাতায়াত ব্যবস্থায় নতুন সংযোজন হতে পারে রোপওয়ে। রাজ্য সরকারের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে যাতায়াতের ক্ষেত্রে নতুন সুবিধা তৈরি হবে। তবে কবে থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে বা কবে পরিষেবা চালু হতে পারে, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।শুধু দক্ষিণেশ্বর-বেলুড় মঠ নয়, পাহাড়েও রোপওয়ে পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। দার্জিলিং এবং কার্শিয়াংয়ে এই পরিষেবা চালুর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওই দুই প্রকল্পের বিস্তারিত পরিকল্পনা তৈরির কাজ চলছে।বর্তমানে কার্শিয়াং থেকে দার্জিলিং যেতে হিলকার্ট রোড-সহ বিভিন্ন পাহাড়ি রাস্তার উপর নির্ভর করতে হয়। পর্যটনের মরসুমে এই রাস্তাগুলিতে তীব্র যানজট তৈরি হয়। আবার বর্ষাকালে পাহাড়ে ধস নামলে যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়। ফলে সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকেরা। এই সমস্যার সমাধান করতেই রোপওয়ে চালুর পরিকল্পনা করা হচ্ছে।অন্য দিকে, দার্জিলিংয়ের যানজট সমস্যা কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ। বৃহস্পতিবার থেকে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ দল চার দিনের সমীক্ষা শুরু করেছে। দার্জিলিং পুলিশের অনুরোধেই এই দলকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।কলকাতা পুলিশের এই দলে রয়েছেন এক জন উপ-পুলিশ কমিশনার, তিন জন পরিদর্শক এবং এক জন সার্জেন্ট। চার দিন ধরে তাঁরা দার্জিলিং জেলার বিভিন্ন এলাকার যান চলাচল ব্যবস্থা খতিয়ে দেখবেন। দার্জিলিং, কার্শিয়াং, সোনাদা এবং জোড়বাংলোর যানজটপ্রবণ এলাকাগুলি পরিদর্শন করবেন তাঁরা।aসমীক্ষার পর যানজট কমানো, গাড়ি রাখার জায়গার সমস্যা মেটানো এবং সড়ক নিরাপত্তা আরও উন্নত করার জন্য একাধিক সুপারিশ করা হবে। কলকাতা পুলিশের বিশেষজ্ঞ দলের এই সমীক্ষার রিপোর্টের ভিত্তিতে পাহাড়ের যান চলাচল ব্যবস্থায় কী কী পরিবর্তন আনা যায়, তা ঠিক করা হতে পারে।

নভেম্বর ২৬, ২০২৬
রাজ্য

বাংলার রাস্তা হবে আমেরিকার মতো! ২৭ হাজার কোটি টাকার মেগা প্রকল্প ঘোষণা নীতীন গড়করির, বদলে যাবে কোন কোন এলাকা?

বাংলার সড়ক যোগাযোগ ব্যবস্থায় বড়সড় পরিবর্তনের পরিকল্পনা কেন্দ্রের। রাজ্যের বিভিন্ন প্রান্তে নতুন রাস্তা, সেতু, সুড়ঙ্গ এবং উড়ালপথ তৈরির জন্য মোট ২৭ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতীন গড়করি। বৃহস্পতিবার কোলাঘাটের একটি অনুষ্ঠানে একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। আগামী পাঁচ বছরে বাংলার সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর দাবি, আগামী দিনে রাজ্যের উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যতই প্রকল্পের দাবি করুন, কেন্দ্রের তরফে অর্থের অভাব হবে না।এ দিন অনুষ্ঠানে ১৯ নম্বর জাতীয় সড়কের পালসিট থেকে ডানকুনি পর্যন্ত অংশের ছয় লেনের রাস্তার উদ্বোধন করা হয়। প্রায় ২ হাজার ১৯৩ কোটি টাকা খরচে এই রাস্তা তৈরি হয়েছে। এর ফলে কলকাতা ও সংলগ্ন এলাকার সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।এ ছাড়াও ফরাক্কায় গঙ্গার উপর চার লেনের নতুন সেতুর উদ্বোধন করেন নীতীন গড়করি। এই প্রকল্পে খরচ হয়েছে ৫২১ কোটি টাকা। নতুন সেতু চালু হওয়ায় উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি যানজটও অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে।তবে এ দিনের অনুষ্ঠানের সবচেয়ে বড় ঘোষণা কলকাতার জন্য ২৫০ কিলোমিটার দীর্ঘ রিং রোড তৈরির পরিকল্পনা। প্রায় ১৪ হাজার কোটি টাকা খরচ করে এই রাস্তা তৈরি করা হবে। কোনা, বেলঘরিয়া, কল্যাণী-সহ কলকাতা এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগ তৈরি করবে এই রিং রোড। এর ফলে শহরের ভিতরে গাড়ির চাপ কমবে এবং এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে।উত্তরবঙ্গের জন্যও রয়েছে বড় পরিকল্পনা। শিলিগুড়িতে ১১৬ কিলোমিটার দীর্ঘ রিং রোড তৈরি করা হবে। এই রাস্তা তৈরি হলে নেপাল, ভুটান এবং বাংলাদেশের সঙ্গে সড়ক যোগাযোগ আরও উন্নত হবে। উত্তরবঙ্গের বাণিজ্য ও পর্যটন ক্ষেত্রেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।কলকাতার বন্দর এলাকায় পণ্যবাহী গাড়ি চলাচল আরও সহজ করতে হুগলি নদীর নীচে জোড়া সুড়ঙ্গ তৈরির পরিকল্পনাও রয়েছে। এই সুড়ঙ্গ তৈরি হলে ২৪ ঘণ্টাই বন্দরের সঙ্গে পণ্যবাহী গাড়ির যোগাযোগ রাখা সম্ভব হবে। পাশাপাশি জোকা থেকে নামখানা পর্যন্ত চার লেনের রাস্তা এবং হুগলি নদীর উপর ফলতা-বাগনান সেতু তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।এ ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ হবে। চাউলখোলা থেকে অলংকারপুর পর্যন্ত ১১৬ বি জাতীয় সড়ক রামনগর বাইপাস-সহ সম্প্রসারণ করা হবে। এই প্রকল্পে বরাদ্দ হয়েছে ৮১২ কোটি ৫০ লক্ষ টাকা। ঠাকুরনগর থেকে নাচিন্দা পর্যন্ত ১১৬ বি জাতীয় সড়কের উন্নয়নে খরচ হবে ৪৬৯ কোটি ৩৫ লক্ষ টাকা। নামখানা থেকে বকখালি পর্যন্ত ১২ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য বরাদ্দ হয়েছে ২৩৭ কোটি ৩৭ লক্ষ টাকা।বীরভূমেও একাধিক রাস্তার উন্নয়ন করা হবে। ভীমগড় থেকে মল্লারপুর পর্যন্ত ১৪ নম্বর জাতীয় সড়কের জন্য ২৫৭ কোটি টাকা এবং মল্লারপুর থেকে নলহাটি পর্যন্ত রাস্তার জন্য ১০০ কোটি ২৯ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। সুরুল থেকে মল্লারপুর এবং পুরন্দরপুর থেকে রঙাইপুর পর্যন্ত রাস্তার উন্নয়নেও ১৫১ কোটি ৩২ লক্ষ টাকা খরচ করা হবে।পূর্ব মেদিনীপুরের নরঘাটে ১১৬ বি জাতীয় সড়কের উপর নতুন সেতু তৈরি করা হবে। এই প্রকল্পে খরচ হবে ২৩১ কোটি ৭১ লক্ষ টাকা। মন্তেশ্বর থেকে দাঁইহাট মোড় পর্যন্ত রাস্তা সম্প্রসারণে ১৫১ কোটি ৯৯ লক্ষ টাকা এবং বর্ধমান থেকে কাটোয়া পর্যন্ত রাস্তার উন্নয়নে ১৭২ কোটি ২৯ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।পুরুলিয়া ও বাঁকুড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নতিতেও একাধিক প্রকল্প নেওয়া হয়েছে। রঘুনাথপুর থেকে চন্দনকিয়ারি হয়ে চাস পর্যন্ত রাস্তা সম্প্রসারণে ২৩৫ কোটি ২৬ লক্ষ টাকা খরচ হবে। মগরা-সুলতানগাছা-খানপুর-দশমরা রাস্তার সংযুক্তিকরণে বরাদ্দ হয়েছে ১৮৭ কোটি ৩৩ লক্ষ টাকা। বিষ্ণুপুর-বেলেঘাটা রাস্তার লাঙলপোতা থেকে কাঁচকল পর্যন্ত সেতু সম্প্রসারণে খরচ হবে ১৫৪ কোটি ৮৩ লক্ষ টাকা।এ ছাড়া বান্দেবাজ, গুপ্তিপাড়া থেকে কাটোয়া পর্যন্ত এসটিকেকে রাস্তা সম্প্রসারণে ২৯১ কোটি ৬৪ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। জুবিলি মোড় থেকে রুনাকুড়াঘাট পর্যন্ত রাস্তার উন্নয়নে খরচ হবে ২৩৫ কোটি ২০ লক্ষ টাকা। রঘুনাথপুর থেকে চেলিয়ামা পর্যন্ত রাস্তা সম্প্রসারণের জন্য বরাদ্দ হয়েছে ১৮২ কোটি ৭১ লক্ষ টাকা।হুগলি ও পশ্চিম মেদিনীপুরের যোগাযোগ ব্যবস্থার উন্নতিতেও গুরুত্ব দেওয়া হয়েছে। আরামবাগের দ্বারকেশ্বর নদীর উপর কালীপুর থেকে দৌলতপুর পর্যন্ত নতুন সেতু তৈরি করা হবে। এই প্রকল্পে খরচ হবে ৩৭৫ কোটি ৭৮ লক্ষ টাকা।অন্য দিকে, যানজট কমাতে একাধিক জাতীয় সড়কে যানবাহন চলাচলের জন্য ভূগর্ভস্থ পথ তৈরি করা হবে। বারাসত-কৃষ্ণনগর-বহরমপুর রাস্তায় ২০টি এমন পথ তৈরি করতে ৭৬৭ কোটি টাকা বরাদ্দ হয়েছে। বহরমপুর-ফরাক্কা-রায়গঞ্জ-ডালখোলা রাস্তায় ২৫টি ভূগর্ভস্থ পথ তৈরিতে খরচ হবে ৬৯০ কোটি টাকা। ১৯ নম্বর জাতীয় সড়কের বরওয়াড্ডা-পানাগড় অংশে ১২টি এমন পথ তৈরির জন্য বরাদ্দ হয়েছে ২৭৭ কোটি টাকা।এ ছাড়া ১২ নম্বর জাতীয় সড়কের বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উন্নয়নে ৭৮ কোটি টাকা খরচ করা হবে।সব মিলিয়ে নতুন রাস্তা, সেতু, সুড়ঙ্গ এবং রিং রোড তৈরির মাধ্যমে আগামী পাঁচ বছরে বাংলার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনার লক্ষ্য নিয়েছে কেন্দ্র। নীতীন গড়করির আশা, আগামী দিনে বাংলার সড়কপথের মান আমেরিকার মতো উন্নত হবে। এখন দেখার, ঘোষিত প্রকল্পগুলির কাজ কত দ্রুত শেষ হয় এবং সাধারণ মানুষ কবে থেকে তার সুবিধা পান।

নভেম্বর ২৬, ২০২৬
রাশিফল

আজকের রাশিফল: ২৬ নভেম্বর বৃহস্পতিবার কার ভাগ্যে অর্থলাভ, কার জীবনে আসবে সুখবর?

আজ বৃহস্পতিবার। জ্যোতিষশাস্ত্র অনুসারে, দিনটি জ্ঞান, ধর্মীয় চিন্তাভাবনা, আত্মবিশ্বাস ও নতুন পরিকল্পনার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কর্মক্ষেত্র, আর্থিক লেনদেন, পারিবারিক সম্পর্ক এবং প্রেমের বিষয়ে আজ ধৈর্য ও বিচক্ষণতার পরিচয় দেওয়া প্রয়োজন।চলুন, দেখে নেওয়া যাক ১২টি রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে পারে।১. মেষ রাশি (Aries)কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায় নতুন পরিকল্পনা লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক বিষয়ে তাড়াহুড়ো করবেন না। প্রেমের সম্পর্কে সঙ্গীকে সময় দিন। পরিবারের কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। শুভ রং: লাল।শুভ সংখ্যা: ৯২. বৃষ রাশি (Taurus)আজ কর্মক্ষেত্রে আপনার দক্ষতার প্রশংসা হতে পারে। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক পরিবেশ আনন্দময় থাকবে। প্রেমের সম্পর্কে পুরনো ভুল বোঝাবুঝি মিটতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন। শুভ রং: সাদা। শুভ সংখ্যা:৬৩. মিথুন রাশি (Gemini)নতুন যোগাযোগ ও আলোচনার মাধ্যমে কাজের সুযোগ তৈরি হতে পারে। চাকরিপ্রার্থীদের জন্য সুখবর আসতে পারে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে সতর্ক থাকুন। দাম্পত্য জীবনে আনন্দ বাড়বে। মানসিক চাপ কমাতে বিশ্রাম নিন। শুভ রং: সবুজ। শুভ সংখ্যা: ৫৪. কর্কট রাশি (Cancer)কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেবেন না। সংসারের খরচ নিয়ে পরিকল্পনা করা প্রয়োজন। প্রিয়জনের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন। শুভ রং: ক্রিম। শুভ সংখ্যা: ২৫. সিংহ রাশি (Leo)আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা আপনাকে এগিয়ে রাখবে। নতুন কাজের দায়িত্ব পেতে পারেন। সৃজনশীল কাজে সাফল্যের সম্ভাবনা রয়েছে। তবে ভাইবোন বা আত্মীয়দের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সময়। শুভ রং: সোনালি। শুভ সংখ্যা: ১৬. কন্যা রাশি (Virgo)কর্মক্ষেত্রে নতুন উদ্যম অনুভব করবেন। পারিবারিক ব্যবসায় উন্নতির সুযোগ আসতে পারে। সামাজিক কাজে সম্মান বাড়বে। বাড়িতে আনন্দের খবর আসতে পারে। তবে অতিরিক্ত কাজের চাপে শরীরকে অবহেলা করবেন না। শুভ রং: গাঢ় সবুজ। শুভ সংখ্যা: ৫৭. তুলা রাশি (Libra)আজ আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পেতে পারেন। আর্থিক বিষয়ে বাজেট মেনে চলুন। প্রেম ও দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে। অপ্রয়োজনীয় বিতর্ক থেকে দূরে থাকুন। শুভ রং: গোলাপি। শুভ সংখ্যা: ৬৮. বৃশ্চিক রাশি (Scorpio)আজ কিছু কাজে বাধা বা হতাশা আসতে পারে। কথাবার্তায় সংযম বজায় রাখুন। ঝুঁকিপূর্ণ আর্থিক বিনিয়োগ এড়িয়ে চলুন। পারিবারিক বিষয়ে ধৈর্য ধরুন। গাড়ি চালানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। শুভ রং: মেরুন। শুভ সংখ্যা: ৯৯. ধনু রাশি (Sagittarius)আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভের সম্ভাবনা বাড়বে। দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। অবিবাহিতদের বিয়ের বিষয়ে ইতিবাচক আলোচনা হতে পারে। শুভ রং: হলুদ শুভ সংখ্যা: ৩১০. মকর রাশি (Capricorn)=কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের সুফল পেতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা লাভের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বড় কোনও অর্ডার পেতে পারেন। দাম্পত্য সম্পর্কে মধুরতা বাড়বে। আর্থিক পরিকল্পনায় সফলতা আসতে পারে। শুভ রং: নীল। শুভ সংখ্যা: ৮১১. কুম্ভ রাশি (Aquarius)পুরনো আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের স্বীকৃতি মিলবে। ব্যবসায় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। বিদেশযাত্রার পরিকল্পনা এগোতে পারে। সম্পর্কের ক্ষেত্রে খোলামেলা আলোচনা করুন। শুভ রং: আকাশি। শুভ সংখ্যা: ৪১২. মীন রাশি (Pisces)কর্মক্ষেত্রে কিছুটা চাপ অনুভব করতে পারেন। নতুন ব্যবসায় বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করুন। পারিবারিক বিষয়ে ধৈর্য ধরুন। দাম্পত্য জীবনে সঙ্গীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে হবে। শুভ রং: হলুদ। শুভ সংখ্যা: ৭

নভেম্বর ২৬, ২০২৬
কলকাতা

সাতসকালে পুলিশ ব্যারাকে রহস্যমৃত্যু! দরজা ভেঙে উদ্ধার চালকের ঝুলন্ত দেহ, ঘিরে বাড়ছে প্রশ্ন

সাতসকালে পুলিশ ব্যারাক থেকে উদ্ধার হল এক পুলিশকর্মীর ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার বাঁশদ্রোণী থানার ব্যারাকের দোতলার একটি ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করেন সহকর্মীরা। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় তা ভেঙে ভিতরে ঢুকতে হয় তাঁদের। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছেন ওই পুলিশকর্মী। তবে কী কারণে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যারাকে চাঞ্চল্য ছড়িয়েছে।মৃত পুলিশকর্মীর নাম সঞ্জয় হালদার। বয়স ৪০ বছর। তিনি পুলিশের গাড়িচালক পদে কর্মরত ছিলেন। পুলিশ আধিকারিকদের গাড়ি চালানোর পাশাপাশি অভিযুক্তদের নিয়ে যাওয়ার গাড়িও চালাতেন তিনি। তাঁর বাড়ি দোলতলায়। তবে বেশির ভাগ সময়ই বাঁশদ্রোণীর পুলিশ ব্যারাকে থাকতেন সঞ্জয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো বুধবার রাতেও ব্যারাকে ছিলেন তিনি। রাতে তাঁর সহকর্মীরা কাজে বেরিয়ে যান। সেই সময় নিজের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দেন সঞ্জয়। বৃহস্পতিবার সকালে সহকর্মীরা তাঁকে ডাকাডাকি করেন। কিন্তু ভিতর থেকে কোনও সাড়া মেলেনি। সন্দেহ হওয়ায় শেষ পর্যন্ত ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকেন তাঁরা। তখনই সঞ্জয়ের ঝুলন্ত দেহ দেখতে পান সহকর্মীরা।ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ফলে তাঁর মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সঞ্জয়ের মোবাইল ফোনটিও লক করা রয়েছে। সেটি পরীক্ষার জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। মোবাইলের তথ্য খতিয়ে দেখে মৃত্যুর আগে তাঁর সঙ্গে কারও যোগাযোগ হয়েছিল কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।ইতিমধ্যেই সঞ্জয়ের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। কাজের অতিরিক্ত চাপ, নাকি পারিবারিক কোনও সমস্যা, কোন কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং ফরেনসিক পরীক্ষার ফলের দিকেও নজর রয়েছে তদন্তকারীদের।

নভেম্বর ২৬, ২০২৬
রাজ্য

রেখা পাত্রের শরীরে কী ভাবে ঢুকল বিষ? ‘গভীর ষড়যন্ত্র’, বিস্ফোরক অভিযোগ দিদির, পাল্টা শ্বশুর-শাশুড়ি

রাজনৈতিক শত্রুতা, না কি পারিবারিক বিবাদ? হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রের শরীরে কী ভাবে বিষাক্ত কীটনাশক ঢুকল, তা নিয়ে রহস্য ক্রমশ বাড়ছে। এক দিকে, ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন তাঁর দিদি রেবা নস্কর। অন্য দিকে, রেখার শ্বশুর ও শাশুড়ির অভিযোগ, বিধায়ক হওয়ার পর থেকে পরিবারের সঙ্গে আর কোনও যোগাযোগ রাখেন না তিনি। এমনকি রেখার স্বামী সন্দীপ পাত্রকে মারধর করানোর অভিযোগও তুলেছেন তাঁর শ্বশুর। সব মিলিয়ে রেখার অসুস্থতাকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।মঙ্গলবার রেখার দিদি রেবা নস্কর বলেন, এই ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা দরকার। তবে সেই ষড়যন্ত্রে কারা জড়িত, তা নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। দলের কেউ, না কি পরিবারের কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত, তা নিয়েও কোনও মন্তব্য করেননি রেবা। অন্য দিকে, হাসপাতালে রেখাকে দেখতে গিয়ে তাঁর পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।তবে সন্দেশখালির পাত্রপাড়ায় বসে রেখার শ্বশুর ধীরেন পাত্র একের পর এক অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ভোটের পর থেকে রেখা আর শ্বশুরবাড়িতে থাকেন না। সন্দেশখালির আন্দোলনের সময় পরিবারের সবাই তাঁর পাশে ছিলেন। কিন্তু বিধায়ক হওয়ার পর থেকে আর তাঁদের কোনও খোঁজখবর নেন না রেখা।ধীরেনের আরও অভিযোগ, তাঁর ছেলে সন্দীপকে রেখার দিদি ও জামাইবাবুকে দিয়ে মারধর করানো হয়েছিল। এখন তাঁরাই রেখার সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠেছেন বলে দাবি করেন তিনি। পাশে বসে রেখার শাশুড়ি অনুপমা পাত্রও একই অভিযোগ করেন। তাঁর কথায়, লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই রেখা তাঁদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। তাঁরা বেঁচে আছেন না মারা গিয়েছেন, সেই খবর নেওয়ারও প্রয়োজন মনে করেন না বিধায়ক।অন্য দিকে, আপাতত অনেকটাই সুস্থ রয়েছেন রেখা। কলকাতার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। মঙ্গলবার হাসপাতালে গিয়ে দেখা যায়, ধীরে ধীরে কথা বলছেন বিধায়ক। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হলে হাত নেড়ে সম্মতি জানান। এ দিন তাঁর আবার সিটি স্ক্যান করা হয়। বিজেপি নেত্রী অর্চনা মজুমদারও হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন।সন্দেশখালির আন্দোলনের মুখ হিসাবেই প্রথম পরিচিতি পেয়েছিলেন রেখা পাত্র। তৃণমূল নেতা শাহজাহানের বিরুদ্ধে আন্দোলনে সামনের সারিতে ছিলেন তিনি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হলেও জয় পাননি। পরে হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হন। সেই সময় তিনি হিঙ্গলগঞ্জের লেবুখালিতে একটি ভাড়া বাড়িতে থাকতেন।শনিবার রাতে গুরুতর বিষক্রিয়ার কারণে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর শারীরিক অবস্থা প্রথমে বেশ সংকটজনক ছিল। কী ভাবে তাঁর শরীরে বিষাক্ত পদার্থ ঢুকল, তা এখনও স্পষ্ট নয়।রেবা নস্কর জানিয়েছেন, তিনি সব সময় বোনের সঙ্গে থাকেন। তাই কী ভাবে এই ঘটনা ঘটল, তা বুঝতে পারছেন না। তবে এখন রেখার শারীরিক অবস্থা আগের তুলনায় ভাল। সকালে বোনের সঙ্গে তাঁর কথাও হয়েছে বলে জানান রেবা।বাড়িতে ঘাস মারার কীটনাশক ছিল কি না, সেই প্রশ্নের উত্তরে রেবা বলেন, এমন কোনও কীটনাশক বাড়িতে ছিল বলে তাঁর মনে পড়ছে না। এর পরেই ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেন তিনি। রেবার দাবি, রেখা খুব স্পষ্ট কথা বলেন। তাঁর কোনও কথায় কেউ রেগে গিয়ে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারেন কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। যদিও নিশ্চিত ভাবে কাউকে দায়ী করেননি তিনি।গত কয়েক দিন ধরে রেখার লেবুখালির ভাড়া বাড়িতে কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার অথবা ঘাস মারার কীটনাশক খাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে ঠিক কোন পদার্থের কারণে তাঁর শরীরে বিষক্রিয়া হয়েছে, তা এখনও নিশ্চিত নয়। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে পরিবার। সন্দেশখালির আর এক প্রতিবাদী মুখ পিয়ালী দাসও রেখার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

নভেম্বর ২৫, ২০২৬
কলকাতা

সুজিত বসুর পর এবার শ্যালককে তলব সিবিআইয়ের! চাকরি পাইয়ে দেওয়ার নেপথ্যে কী দুর্নীতি?

পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের নজরে প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর শ্যালক। বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন তদন্তকারীরা। তদন্তকারী সংস্থার দাবি, শ্যালকের মাধ্যমে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন সুজিত। শুধু তাই নয়, বেআইনি ভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।পুর নিয়োগ দুর্নীতি মামলায় আর্থিক অনিয়মের অভিযোগে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন সুজিত বসু। এই মামলার তদন্ত করছে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়েক দিন আগে জেলে গিয়ে সুজিতকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকেরা। এ বার তাঁর শ্যালককে তলব করা হল।তদন্তকারীদের অভিযোগ, সুজিতের শ্যালককে শুধু দুর্নীতির কাজে ব্যবহার করা হয়নি, তাঁকেও বেআইনি ভাবে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল। কী ভাবে এই নিয়োগ হয়েছিল, দুর্নীতির মাধ্যমে সুজিত কী কী সুবিধা পেয়েছিলেন এবং গোটা ঘটনায় তাঁর শ্যালকের ভূমিকা কী ছিল, তা জানতে চান তদন্তকারীরা।সিবিআই সূত্রে খবর, সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করে এখনও সন্তুষ্ট নন তদন্তকারীরা। তাই তাঁকে ফের জেরা করা হতে পারে। এর আগে এই মামলায় সুজিতের পরিবারের অন্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করেছেন ইডির আধিকারিকেরা। এ বার তাঁর শ্যালককে তলব করায় তদন্তের পরিধি আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই ইডির নজরে ছিলেন সুজিত বসু। তাঁর বিরুদ্ধে টাকার বিনিময়ে পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত ৬ এপ্রিল তাঁকে হাজিরার নোটিস পাঠিয়েছিল ইডি। নির্বাচনের প্রচারে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে তিনি সময় চেয়েছিলেন। সেই সময় হাজিরা এড়াতে কলকাতা হাই কোর্টেরও দ্বারস্থ হয়েছিলেন তিনি।ভোটপর্ব শেষ হওয়ার পর ১ মে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজিরা দেন সুজিত। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর সেখান থেকে বেরিয়ে যান তিনি। এর পর ১১ মে তাঁকে ফের তলব করা হয়। সেই দিনই গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করেন ইডির আধিকারিকেরা। তার পর থেকে জেলেই রয়েছেন প্রাক্তন মন্ত্রী।তদন্ত যত এগিয়েছে, সুজিতের বিরুদ্ধে অভিযোগের তালিকাও তত বেড়েছে। পুর নিয়োগ দুর্নীতির পাশাপাশি একাধিক আর্থিক অনিয়ম এবং তাঁর ছেলের রেস্তরাঁয় বেআইনি কাজের অভিযোগও সামনে এসেছে।তদন্তকারীদের অভিযোগ, পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নাম করে অন্তত ৩৪০ জনের কাছ থেকে গড়ে প্রায় ৬ লক্ষ টাকা করে নিয়েছিলেন সুজিত। তাঁদের মধ্যে ২৮৪ জন বেআইনি ভাবে চাকরি পেয়েছিলেন বলে দাবি তদন্তকারীদের। তাঁর বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকা তছরুপের অভিযোগও উঠেছে। ইডির দাবি, গোটা রাজ্যে পুর নিয়োগ দুর্নীতির পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকা। এ বার সেই মামলায় সুজিতের শ্যালককে জিজ্ঞাসাবাদ করে নতুন কী তথ্য সামনে আসে, সেদিকেই নজর তদন্তকারীদের।

নভেম্বর ২৫, ২০২৬

Ads

You May Like

Gallery

265-year-old "Mukhopadhyay House" in Bhavanandpur, Kalnar, played vermilion on Dasami during Durga Puja
BJP candidate Locket Chatterjee campaigned on the banks of the Ganges from Chandannagar Ranighat to Triveni Ghat wishing New Year.
A living depiction of history with a touch of color, everyone is enthralled by the initiative of the Eastern Railway
Sucharita Biswas actress and model on Durga Puja
Lord Kalabau came up in palanquin; Navapatrika walked towards the mandap - the puja started
On Sunday, the 'Hilsa festival' is celebrated in the city with great joy.
Check out who has joined Mamata's new cabinet
Take a look at the list of recipients at the Bangabibhushan award ceremony
If you are grassroots, you will get ration for free. Lakshmi Bhandar, Kanyashree, Swastha Sathi, Krishakbandhu, Oikyashree, Sabujsathi — you will get all.

Categories

  • কলকাতা
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • রাজনীতি
  • খেলার দুনিয়া
  • বিনোদুনিয়া
  • সম্পাদকীয়
  • নিবন্ধ
  • ভ্রমণ
  • রাশিফল
  • টুকিটাকি
  • চিত্রহার
  • বিবিধ
  • ভিডিও

Company

  • About Us
  • Advertise
  • Privacy
  • Terms of Use
  • Contact Us
Copyright © 2026 Janatar Katha News Portal